বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে বিদ্যুতের মূল্য কাঠামো পুনর্বিবেচনায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৯ এপ্রিল এই কমিটি গঠন করা হয় এবং সোমবার তা প্রকাশ করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রীকে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতি— বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি বাজারের অস্থিরতার কারণে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ বেড়েছে। এই প্রেক্ষাপটে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করবে নতুন এই কমিটি।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, বিদ্যুতের মূল্য নির্ধারণে বিদ্যমান কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব তৈরি করা হবে, যা পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
এছাড়া, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ এ কমিটিকে সার্বিক প্রশাসনিক সহায়তা প্রদান করবে।
এম
আপনার মতামত লিখুন :