শিশু-কিশোরদের ক্রীড়া বিকাশে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সিলেট থেকে। শনিবার (২ মে) বিকেলে নগরীর রিকাবিবাজারে সিলেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে একটি প্রতীকী বাটন চাপের মাধ্যমে ট্রফি ও লোগো উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এ কর্মসূচিতে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলো থেকে ভার্চুয়ালি যুক্ত হয় খুদে খেলোয়াড়রা।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে, তাই তাদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার জন্যও তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, বরং পেশা হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভবিষ্যতে সরকার শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্রীড়ার সমন্বয়ে এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে দেশের ইতিহাস ও স্বাধীনতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসেছে এবং নতুন প্রজন্ম সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের মাধ্যমে বিশ্বে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়া কূটনীতিকে আরও জোরদার করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
সরকারি এই উদ্যোগের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন ও সিটি করপোরেশন পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা শনাক্ত, বাছাই এবং প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।
ক্রীড়া পরিদফতরের বাস্তবায়নে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিকে দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
এম
আপনার মতামত লিখুন :