লক্ষ্মীপুরে ৯৫ জন সোনা ব্যবসায়ী পেলেন স্মার্টকার্ড

  • লক্ষ্মীপুর প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:৩০ পিএম
লক্ষ্মীপুরে ৯৫ জন সোনা ব্যবসায়ী পেলেন স্মার্টকার্ড

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভার ৯৫ জন স্বর্ণ ব্যবসায়ীর মাঝে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্মার্টকার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার রাতে শহরের একটি রেস্তোরাঁয় বাজুস জেলা কমিটির সঙ্গে আয়োজিত পৌর বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এসব বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটির ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

পৌর বাজুসের সাধারণ সম্পাদক পলাশ কুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা দীলিপ সাহা, জেলা বাজুসের সহ-সভাপতি জুলাশ কুরী, সহদেব কুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কুরী। এছাড়া জেলা বাজার দর সমন্বয় কমিটির সভাপতি পলাশ কুরী, সাধারণ সম্পাদক লিটন কর্মকার, পৌর বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় ও জেলা মহাজনী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় পাল অনুষ্ঠানে অংশ নেন।

বাজুস জেলা সভাপতি সমীর কর্মকার তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৯ বছর পর ২০২৪ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্ব পেয়েছেন। এরপর থেকে স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে সাধ্যমতো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, খুব শিগগিরই ২০২৬-২০২৮ সেশনের নির্বাচনের আয়োজন করা হবে। দক্ষ সংগঠক ও প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কুচক্রী মহল বা সুবিধাবাদীদের সুযোগ দেওয়া যাবে না। সরকারি আইন মেনে সবাইকে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।

এসএইচ 

Link copied!