ছবি : সংগৃহীত
ঢাকা: এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ বা যাওয়ার জন্য ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিসা ছাড়াই শুধু পাসপোর্ট থাকলেই ভ্রমণ করা যায়। বাংলাদেশ থেকে এমন বেশ কিছু দেশে ভ্রমণে ভিসা প্রয়োজন হয় না।
বিশ্বের এমন ৩৪টি দেশ রয়েছে। সেসব দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে বাংলাদেশিদের। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ধরন ও দেশগুলোর সঙ্গে চুক্তির শর্তের ওপর ভিত্তি করে এই সুবিধা প্রধানত তিনটি ভাগে বিভক্ত। সরকারি (অফিসিয়াল) ও কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টধারী এবং সাধারণ পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন।
প্রথম ক্যাটাগরিতে অফিশিয়াল ও ডিপ্লোমেটিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ৩১টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। এই দেশগুলো হলো- সিঙ্গাপুর, কম্বোডিয়া, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্টিনা, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারত, কাতার, কাজাখস্থান, মিয়ানমার, মালয়েশিয়া, চীন, বতসোয়ানা, থাইল্যান্ড, চিলি, কুয়েত, ব্রুনাই, কসোভো, তিমুর লেস্টে, লাওস, রাশিয়া, ওমান, দক্ষিণ কোরিয়া, গাম্বিয়া, বেলারুস, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সার্বিয়া এবং পাকিস্তান। এই দেশগুলোতে সরকারি ও কূটনৈতিক কাজে ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজন হবে না।
দ্বিতীয় ক্যাটাগরিতে শুধু কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ২টি দেশের সঙ্গে। দেশ দুটি হলো জাপান ও উজবেকিস্তান। এই দুই দেশে কেবল কূটনৈতিক পাসপোর্টধারী কর্মকর্তারাই ভিসা ছাড়া প্রবেশাধিকার পাবেন।
তৃতীয় ক্যাটাগরিতে বাংলাদেশের সব ধরনের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে মাত্র ১টি দেশে। সেটি হলো মালদ্বীপ। তবে মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান বা চাকরি ব্যতীত কেবল সাধারণ ভ্রমণ বা পর্যটনের জন্য এই সুবিধা কার্যকর থাকবে।
পিএস
আপনার মতামত লিখুন :