ফাইল ছবি
ঢাকা: রাজধানীর মগবাজারে আদ–দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনের ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে।
গত বুধবার সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর খবর পাওয়া যায়।
জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে গরম লাগায় আবার এসি চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে দুই নবজাতক। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন।
পিএস
আপনার মতামত লিখুন :