গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৭:৩০ পিএম
গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকা দেনা রেখে গেছে। পাশাপাশি জ্বালানি আমদানির প্রয়োজনীয় অবকাঠামোও তৈরি করা হয়নি। ফলে দায়িত্ব নেওয়ার পর সরকারকে নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে।

তারেক রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর দেশের মাটিতে গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্সকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে একটি এলএনজি জাহাজ দুর্ঘটনার কারণে সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে এ সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি বাদ দিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। কারও কাছে জ্বালানি বা বিদ্যুৎ সংকট সমাধানের বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা যদি ছয় মাসের মধ্যেও বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান করতে পারে, তাহলে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে।

পিএস

Link copied!