ফাইল ছবি
ঢাকা: সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়া, সার উত্তোলন এবং নিজ নিজ গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনী বার্তা নিয়মিত অবহিত করা, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, কোনো অসাধু বা কুচক্রী মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করলে এবং তার দায় ডিলারদের ওপর চাপানোর চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। এ বিষয়ে ডিলারদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে বিএফএ হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, এসব নীতিমালা বা নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ডিলারদের ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআই