আগামী ২৮ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা—একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এই গ্রহণের সৃষ্টি করে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ দিন চাঁদের প্রায় ৯৩ থেকে ৯৬ শতাংশ অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যাবে। ফলে গ্রহণটি আংশিক হলেও এটি প্রায় পূর্ণ চন্দ্রগ্রহণের মতো রূপ নেবে এবং চাদে এক মনোমুগ্ধকর তামটে বা লালচে আভা ফুটে উঠবে।
তবে বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য খবরটি খানিকটা হতাশাজনক। আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণটি যখন চূড়ান্ত রূপ নেবে, তখন বাংলাদেশে দিন থাকবে এবং চাঁদ দিগন্তের নিচে অবস্থান করবে। ফলে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ থেকে এই আংশিক চন্দ্রগ্রহণটি খালি চোখে বা সরাসরি দেখা যাবে না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে চমৎকারভাবে উপভোগ করতে পারবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দারা। এছাড়া ইউরোপের পশ্চিম অংশ এবং পশ্চিম আফ্রিকার কিছু এলাকা থেকেও গ্রহণটি আংশিকভাবে দেখা যাবে।
গ্রহণটি আন্তর্জাতিক মান সময় অনুযায়ী ২৮ আগস্ট ভোররাত ০১:২৪ মিনিটে শুরু হয়ে সকাল ০৭:০২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে, আর এর চরম রূপ দেখা যাবে ভোর ০৪:১৩ মিনিটে।
যদিও বাংলাদেশ থেকে সরাসরি এই গ্রহণ দেখার সুযোগ নেই, তবুও আগ্রহীরা বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক ইউটিউব চ্যানেলের সরাসরি সম্প্রচারের (লাইভ স্ট্রিম) মাধ্যমে ঘরে বসেই এই বিরল দৃশ্যটি প্রত্যক্ষ করতে পারবেন। সূত্র: দ্য হিন্দু
এম