ফাইল ছবি
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। সরকারি চাকরিজীবীদের জন্য জারি হয়েছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন। ১৭ সেপ্টেম্বর জারি করা এই প্রজ্ঞাপনে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে নতুন স্কেলে বেতন বাড়ার পাশাপাশি কার্যকর তারিখ থেকে বকেয়া পাওয়ার পথও খুলেছে সরকারি চাকরিজীবীদের।
নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মূল বেতনে। সর্বনিম্ন গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
গ্রেডভেদে মূল বেতন বেড়েছে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। প্রথম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন বেড়েছে ১০০ শতাংশ। আর ১২ থেকে ২০তম গ্রেডে এই বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
শুধু কর্মরত সরকারি চাকরিজীবী নয়, নতুন বেতন কাঠামোর সুবিধা বাড়ছে পেনশনভোগীদেরও। একই সঙ্গে নতুন স্কেলের আওতায় থাকছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও। অর্থসচিব জানিয়েছেন, তারাও নতুন বেতন ও ভাতা কাঠামোর সুবিধা পাবেন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন-বাড়তি টাকা হাতে আসবে কবে? প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পে-স্কেল কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। আর কার্যকর হওয়ার তারিখ থেকে যে বকেয়া অর্থ তৈরি হবে, তা সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই দেওয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ নতুন কাঠামোয় বাড়তি বেতনের পাশাপাশি জুলাই ও আগস্টের প্রাপ্য বকেয়াও পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
তবে নতুন পে-স্কেলে শুধু মূল বেতনই নয়, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাতেও পরিবর্তন এসেছে। এর মধ্যে বৈশাখী ভাতা নির্ধারণ করা হয়েছে আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে।
১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ছিল ১৩০ টাকা। কয়েক দশকের পথ পেরিয়ে নবম পে-স্কেলে সেই সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন দাঁড়িয়েছে ২০ হাজার টাকায়। আর প্রথমবারের মতো সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ছাড়িয়েছে দেড় লাখ টাকা।
অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর এবার শুধু পে-স্কেলের ঘোষণা নয়, এসেছে প্রজ্ঞাপনও। কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। এখন সরকারি চাকরিজীবীদের অপেক্ষা-নতুন কাঠামোয় ঠিক কত টাকা বেতন পাবেন এবং বকেয়া অর্থ কবে পুরোপুরি হাতে আসবে।
এসএইচ