এলপিজি নিয়ে কারসাজি বা ধর্মঘট করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৩:০১ পিএম
এলপিজি নিয়ে কারসাজি বা ধর্মঘট করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর

ফাইল ছবি

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ কারসাজি কিংবা ধর্মঘটের নামে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সাথে এটিকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে উল্লেখ করে জনস্বার্থবিরোধী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি ও ভূরাজনৈতিক কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ রকম এক জটিল পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার লক্ষ্যে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অপারেটরদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি ছিল অপারেটরদের সঙ্গে তৃতীয় বৈঠক এবং উদ্ভূত সমস্যা সমাধানে আগামী ২০ অক্টোবর আবারও সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে জ্বালানিমন্ত্রী স্পষ্ট করেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় সেবা ও পণ্য। তাই আলোচনা চলাকালে বাজারব্যবস্থা অচল করে ধর্মঘটের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হলে সরকার হাত গুটিয়ে বসে থাকবে না।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে এলপিজি বিপণন ও সরবরাহের পুরো প্রক্রিয়াই বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়। তবে সাম্প্রতিক সময়ে ডিলার ও বিক্রেতা পর্যায়ের কিছু দাবিদাওয়া নিয়ে সপ্তাহান্তে দুই দিনের ধর্মঘটের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা অনুচিত।

বাণিজ্যমন্ত্রী সতর্ক করে বলেন, অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৬ অনুযায়ী এ ধরনের জরুরি পণ্যের সরবরাহে ব্যাঘাত ঘটানো বা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা গুরুতর অপরাধ। এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ সাধারণ মানুষের রন্ধনশৈলী ও দৈনন্দিন জীবনযাত্রা সরাসরি জড়িত। আলোচনার পথ খোলা থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে জিম্মি করার কোনো সুযোগ ব্যবসায়ীদের দেওয়া হবে না। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক দাবি সরকার আলোচনার মাধ্যমে নিষ্পত্তিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ 

জাতীয় বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!