ছবি: সংগৃহীত
ঢাকা: প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। এছাড়া অনেকে বরণ করছে পঙ্গুত্ব। বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এ পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পাঁচটি উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে— বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়ন, কয়েক হাজার চালককে প্রশিক্ষণ, যাত্রীদের সচেতন করতে প্রচার ও লিফলেট বিতরণ, সড়কের বাঁকে নির্দেশক চিহ্ন আরও স্পষ্টভাবে স্থাপন এবং সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় ২০২৫ সাল পর্যন্ত ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় ৪ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন।
সংস্থাটির পৃথক পারিবারিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৩০০টি পরিবার সড়ক দুর্ঘটনায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, বাস ও পিকআপ দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে।
২০২৫ সালের বার্ষিক পরিসংখ্যানেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। ওই বছর দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনা, পথচারীদের নিরাপত্তাহীনতা এবং গণপরিবহনের অনিয়ন্ত্রিত চলাচল সড়ক নিরাপত্তার অন্যতম বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল সড়ক অবকাঠামো, চালকদের অদক্ষতা, অনিয়ন্ত্রিত কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতাও দুর্ঘটনার জন্য দায়ী।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা বাড়ছে। এর প্রধান কারণ ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানো। দুর্ঘটনা কমাতে নিয়মিত ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দেশে রয়েছে সড়ক পরিবহন আইন, ২০১৮। ২০১৯ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ আইনে চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারীদের দায়িত্ব নির্ধারণের পাশাপাশি আইন অমান্যের জন্য বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে।
তবে বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সড়ক নিরাপত্তার পরিবর্তিত বাস্তবতা, যানবাহনের ধরন এবং দুর্ঘটনার নতুন ঝুঁকি বিবেচনায় নিয়ে আইন আরও কার্যকর করা প্রয়োজন।
সরকারের দ্বিতীয় উদ্যোগ চালকদের দক্ষতা বাড়ানো। এ লক্ষ্যে কয়েক হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রশিক্ষণের মাধ্যমে চালকদের ট্রাফিক আইন, নিরাপদ গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা এবং সড়কে দায়িত্বশীল আচরণ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্য রয়েছে। কারণ, যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার অভাবে অনেক চালক ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়।
তৃতীয় উদ্যোগ হিসেবে যাত্রীদের সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা শুধু চালকদের দায়িত্ব নয়; যাত্রী ও পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। চলন্ত অবস্থায় চালককে অযথা চাপ না দেওয়া, নির্ধারিত স্থানে ওঠানামা, চলন্ত গাড়িতে ওঠানামা না করা এবং নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে জনসচেতনতা বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য।
চতুর্থ উদ্যোগ সড়কের বাঁক ও ঝুঁকিপূর্ণ স্থানে নির্দেশক চিহ্ন আরও স্পষ্টভাবে স্থাপন। দেশের অনেক সড়কে বাঁক, মোড়, ঢাল এবং দুর্ঘটনাপ্রবণ স্থানে সতর্কতামূলক চিহ্ন পর্যাপ্ত নয় অথবা দৃশ্যমানতা কম। ফলে চালকরা অনেক সময় আগাম সতর্ক হতে পারেন না। এসব স্থানে স্পষ্ট নির্দেশক ও সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা হলে চালকরা আগে থেকেই গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবেন।
পঞ্চম উদ্যোগ হিসেবে সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং, অবৈধ পার্কিং, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ট্রাফিক সংকেত অমান্যের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ এলাকায় টহল, যানবাহনের কাগজপত্র যাচাই এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা জরুরি।
বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় চালকের বৈধ লাইসেন্স, যানবাহনের ফিটনেস এবং নিবন্ধন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিআরটিএ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তবে সড়কে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চালক, মালিক ও যাত্রী-সবারই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, নিবন্ধন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্রাফিক সংকেত অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইনে এসব অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড এবং চালকের লাইসেন্সের পয়েন্ট কর্তনের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে এসব বিধানের ধারাবাহিক প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে।
এছাড়া চালকদের অতিরিক্ত কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পরিবহন মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে বেশি ট্রিপ সম্পন্ন করার চাপও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই শুধু চালকদের প্রশিক্ষণ দিলেই হবে না, পরিবহন মালিকদেরও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যানবাহনের যান্ত্রিক ত্রুটি শনাক্তে কার্যকর ফিটনেস পরীক্ষা এবং মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক পরিবহন ও সড়ক নিরাপত্তা প্রকৌশল বিশেষজ্ঞ ড. মো. শামসুল হক বলেন, সড়ক দুর্ঘটনাকে কেবল চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে সড়কের নকশা, অবকাঠামোগত ত্রুটি, যানবাহনের মান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পথচারীদের নিরাপত্তার বিষয়গুলোও জড়িত। অনেক সড়কে পর্যাপ্ত ফুটপাত, নিরাপদ পারাপারের ব্যবস্থা ও কার্যকর সিগন্যাল নেই। দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগ ও যানবাহন ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, জেব্রা ক্রসিং দৃশ্যমান করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় গতিসীমা নিয়ন্ত্রণ জরুরি। একই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা ও দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, আইন সংস্কার, চালকদের প্রশিক্ষণ, যাত্রীদের সচেতনতা, সড়কে পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা— এই পাঁচ উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় অগ্রগতি সম্ভব। তবে উদ্যোগগুলো কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং নিয়মিত তদারকি নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।
জানতে চাইলে পরিবহন মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক নির্দেশক চিহ্ন স্থাপন এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হচ্ছে। আইন অমান্যের বিরুদ্ধে কঠোরতা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করছি। তবে শুধু সরকারের উদ্যোগে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়। চালক, পরিবহন মালিক, যাত্রী ও পথচারী-সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সূত্র: বাসস।
পিএস