মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ, সম্মত সংশোধনে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৭:৩২ পিএম
মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ, সম্মত সংশোধনে

ছবি: সংগৃহীত

ঢাকা: পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডে জমা দেওয়া মজুরি প্রস্তাবনায় ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে আলোচনার পর নিজ নিজ প্রস্তাবনা সংশোধন করতে সম্মত হয়েছে উভয় পক্ষই।

সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের বৈঠকে নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে মালিকপক্ষ। তবে কোনো পক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণ এখনো প্রকাশ করেনি বোর্ড।

বৈঠকের এক ফাঁকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, আলোচনা চলছে। শ্রমিক ও মালিক পক্ষের প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই করছে বোর্ড।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের প্রস্তাবনায় তারা সন্তুষ্ট নন; অন্যদিকে মালিকপক্ষও শ্রমিকদের দাবিতে অসন্তুষ্ট। উভয় পক্ষ নিজ নিজ প্রস্তাব পর্যালোচনা করে সংশোধিত প্রস্তাবনা বোর্ডের কাছে জমা দেবে।

সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে কারখানা মালিকদের প্রতিনিধিদের উপস্থিতিতে ছয় সদস্যের এই বোর্ডের তৃতীয় বৈঠক শুরু হয়। 

এর আগে বৈঠকের শুরুতে সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের বৈঠক রাত ৮টা পর্যন্ত চলবে, তবে বিকেল ৪টায় আমরা আপনাদের অগ্রগতি সম্পর্কে জানাব।’

বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিজিএমইএ পরিচালক ও মজুরি বোর্ডের সদস্য এবিএম শামসুদ্দিন, শ্রমিক নেতা ও মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার এবং রাশেদুল আলম রাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, বৈঠকের শুরুর দিকে শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বোর্ড কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে বেশ কয়েকটি পোশাকশ্রমিক সংগঠন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় বিলম্ব বন্ধ করা এবং নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামের সঙ্গে সংগতি রেখে একটি মর্যাদাপূর্ণ মজুরি কাঠামোর দাবি জানায়।

এ সময় তারা আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ১২১ অনুযায়ী মজুরি আন্দোলনের সময় নিহত তৌফিক ও সেলিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

পিএস

Link copied!