ছবি : প্রতিনিধি
ঢাকা: বিএনপি সরকারঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে তিনটি ‘বড় বাধা’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এগুলো হলো—গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়; লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা।
শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বাধাগুলোর কথা জানান।
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে জামায়াতের প্রতিক্রিয়া তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
আজকের সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাজেট বাস্তবায়নে কয়েকটি বড় বাধা রয়েছে। এক নম্বর বাধা—বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। সরকার ক্ষমতায় আসার পর গত তিন মাসে গ্যাস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। বিদ্যুতের দামও বেড়েছে।
বাজেট বাস্তবায়নে দ্বিতীয় বড় বাধা লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি’ বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ ছাড়া অপর বড় বাধাটি হলো—বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা।
এই তিনটি বড় বাধার কারণে বাজেট বাস্তবায়নসহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য ‘খুব কঠিন’ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :