কর্মসূচিতে অনুপস্থিতি থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১১:৫৭ এএম
কর্মসূচিতে অনুপস্থিতি থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

ফাইল ছবি

কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া নেতাদের সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই নির্দেশনা দেন। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত শোকজ নোটিশটি জারি করা হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপন।

নোটিশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা সত্ত্বেও কেন্দ্র ঘোষিত নির্ধারিত কর্মসূচিতে তাঁরা অনুপস্থিত ছিলেন। এই অসাংগঠনিক আচরণ ও দায়িত্ব অবহেলার প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর বরাবর কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এসএইচ 

Link copied!