কপাল খুলতে পারে জাহাঙ্গীরের

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০১:৪৭ পিএম
কপাল খুলতে পারে জাহাঙ্গীরের

গাজীপুর: দেশের সবচেয়ে আলোচিত ও বৃহত্তর গাজীপুর সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম এর দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কপাল খুলতে পারে আ.লীগের পরবর্তী কার্যনির্বাহী বৈঠকে এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দলীয় একটি সূত্র। 

সূত্রটি জানায়, গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের সাবেক মেয়র ও সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একান্ত সাক্ষাৎকার হয়েছে। এ সময়ে জাহাঙ্গীরকে দলে ফেরা নিয়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন সাধারণ সম্পাদক। 

সূত্র মতে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে আওয়ামী লীগের দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বের হওয়ার পর পরই জাহাঙ্গীর ধানমন্ডিতেই তার সঙ্গে দেখা করেন। এ সময়ে সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে বলেছেন, দলের পরবর্তী কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হলে সেখানে তার বিষয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেখানে তিনি এ বিষয়টি দেখবেন। 

উল্লেখ্য, এর আগে গত ১৫ জুলাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা ও তার ছেলে জাহাঙ্গীর। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাদের সাক্ষাতের সময় দেন প্রধানমন্ত্রী। জায়েদা খাতুন তার ছেলে জাহাঙ্গীরকে দলীয় কাজ করার সুযোগ দিতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি দিলেও দলের সাধারণ সম্পাদককের সঙ্গে দেখা করতে বলেন।

সোনালীনিউজ/এম

Link copied!