এনসিপির পদ ছাড়লেন দ্যুতি, নতুন কমিটিতে নাম থাকায় বিস্ময়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৩০ পিএম
এনসিপির পদ ছাড়লেন দ্যুতি, নতুন কমিটিতে নাম থাকায় বিস্ময়

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সাবেক সংগঠক ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

শনিবার তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর লিখিতভাবে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পান। পরে একই বছরের ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে তাকে এনসিপির মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে ১১ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন মাওলানা রফিকুল ইসলাম খাঁনের কাছে গেলে তিনি দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন বলে জানা গেছে।

এদিকে ১৮ এপ্রিল ঘোষিত এনসিপির জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতির নাম অন্তর্ভুক্ত করা হয়। এই কমিটিতে নাম থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি জানার পরই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের আদর্শ ও বর্তমান কার্যক্রমের মধ্যে অমিল থাকায় তার পক্ষে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ভবিষ্যতে তিনি দেশ ও জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেন।

এসএইচ 

Link copied!