তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:১১ পিএম
তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্ক ও মালয়েশিয়ার অতিথিবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সফররত প্রতিনিধিদলের সদস্য হিসেবে তুরস্কের এসরা সাইদওগলু এবং ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি জামায়াতের নারী বিভাগের বিভিন্ন কার্যক্রম, সামাজিক ও নৈতিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এ সফর দুই দেশের নারীসমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। অতিথিরা নারী নেতৃত্ব, শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, তরুণীদের দক্ষতা ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত নানা বিষয়ে মতামত প্রকাশ করেন।

একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে গ্লোবাল ইউনিটি অন মুসলিম শীর্ষক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি এবং সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল। বক্তারা মুসলিম নারীদের পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসএইচ 

Link copied!