যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:২৭ এএম
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে ঘিরে উদ্বেগজনক ঘটনার মধ্যে একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থী ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। 

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়ার প্রায় ১০ দিন পর ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)–কে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনিও একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে খুঁজে পেতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল সকালে সর্বশেষ জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং কিছুক্ষণ পর নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানালে নিখোঁজ ডায়েরি করা হয় এবং তদন্ত শুরু হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত এখনো চলমান এবং নিখোঁজ নাহিদার বিষয়ে তথ্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। একই সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত সন্ধান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

এম

Link copied!