ফাইল ছবি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম। চট্টগ্রামের একটি ওয়াজ মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে ভোট চাওয়ার প্রসঙ্গ টেনে তিনি মাওলানা মামুনুল হককে ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
শুক্রবার চট্টগ্রামের একটি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন হেফাজত আমির। বক্তব্যের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কওমি অঙ্গনের শিক্ষক ও বিভিন্ন মাদ্রাসার উলামায়ে কেরাম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
গাজীপুরের সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস জুবায়ের আহমদ বলেন, রাজনৈতিক অবস্থান বা কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার সবার থাকলেও কাউকে গালাগাল করার অধিকার কারও নেই। এ ধরনের মন্তব্যে ব্যক্তির নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। কওমি উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা রোকন রাইয়ান বলেন, এই বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এটি শোভন ভাষা নয় এবং ভুল হলে তা স্বীকার করে নেওয়া শ্রেয়।
উত্তরার বাইতুল মুমিন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি নেয়ামতুল্লাহ আমিন উল্লেখ করেন, প্রকাশ্য মঞ্চে একজন সম্মানিত শায়খুল হাদিসকে এভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক আবু নাঈম ফয়জুল্লাহ এবং মাদরাসায়ে রাহমানিয়া আব্বাসিয়ার শিক্ষক জারির আহমদও এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, যিনি মন্তব্যটি করেছেন তিনি একজন সম্মানিত শায়খুল হাদিসের সন্তান এবং এমন ভাষার কারণে সাধারণ মানুষের কাছে কওমি অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন কওমি শিক্ষক ও ব্যক্তিবর্গ বাবুনগরীর ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা মন্তব্য প্রকাশ করেছেন।
এসএইচ