জুলাই সনদের রূপরেখা ছাড়া ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:৩৬ পিএম
জুলাই সনদের রূপরেখা ছাড়া ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াত

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ আপাতত গ্রহণ করবে না জামায়াতে ইসলামী। দলটি বলছে, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা না থাকলে তারা এই পদ নেবে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আব্দুল হালিম বলেন, কেবল বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দিলেই জুলাই সনদের অঙ্গীকার পূরণ হবে না। সংস্কারের আরও অনেক প্রস্তাব রয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিয়ে পরিষ্কার অবস্থান প্রয়োজন।

তিনি বলেন, জুলাই সনদে জামায়াত স্বাক্ষর করেছে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এখন সেই রায় বাস্তবায়নের বিষয়ে গড়িমসি হচ্ছে। গণ–আকাঙ্ক্ষা পূরণ না হলে জামায়াতের পক্ষে ডেপুটি স্পিকার পদ গ্রহণ সম্ভব নয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে সরকার প্রধান বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দিয়েছে।

তবে জামায়াতের দাবি, এটি কেবল একটি পদ নয়; গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের নিশ্চয়তা আগে দিতে হবে। সংবিধান সংস্কারের স্পষ্ট অগ্রগতি না হলে তারা ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না।

এসএইচ 

Link copied!