মুখোমুখি ব্রাজিল-মরক্কো, কার পাল্লা ভারী?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:৪০ পিএম
মুখোমুখি ব্রাজিল-মরক্কো, কার পাল্লা ভারী?

ফাইল ছবি

বিশ্বকাপের পর্দা উঠেছে আগেই, তবে বাংলাদেশে এখনো সেই চিরচেনা ফুটবল উন্মাদনার চিরন্তন আঁচ যেন কিছুটা স্তিমিত। ধারণা করা হচ্ছে, আরও অন্তত পাঁচটি ম্যাচ শেষ হলে টুর্নামেন্টের আসল উত্তাপ টের পাওয়া যাবে। তবে আজ ভোর ৪টায় শুরু হতে যাচ্ছে মূল আকর্ষণ। মাঠের লড়াইয়ে নামছে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ভোররাতের ম্যাচ হওয়ায় চোখে ঘুম ঘুম ভাব থাকলেও, টেলিভিশনের পর্দা থেকে চোখ সরানোর উপায় থাকবে না সেলেসাও ভক্তদের।

অবশ্য এই ম্যাচে চোখ রাখবেন ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকেরাও। চিরবৈরী প্রতিবেশীদের হার দেখার আশায় তাঁরা আজ প্রকাশ্যেই সমর্থন দেবেন মরক্কোকে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের চিরচেনা কথার লড়াইও বেশ জমে উঠেছে। এই কথার লড়াইয়ের মাঠের ফল মিলবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কোর ম্যাচ শেষ হতেই।

তাতে শেষ পর্যন্ত কারা জয়ের হাসি হাসবে, তা সময়ই বলে দেবে। তবে মাঠের লড়াই শুরুর আগে দুদেশের মুখোমুখি দেখায় কে এগিয়ে, তা জেনে নেওয়া যাক। পরিসংখ্যান বলছে, পাল্লা ভারী ব্রাজিলেরই। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে পরিসংখ্যানের ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সেলেসাওরা।

দুই দলের প্রথম দুই দেখায় অনায়াস জয় পেয়েছিল ব্রাজিল। ১৯৯৭ সালের প্রথম প্রীতি ম্যাচে মরক্কোকে ২-০ ব্যবধানে হারায় সেলেসাওরা। পরের বছর, অর্থাৎ ১৯৯৮ সালের বিশ্বকাপে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে ৩-০ করে লাতিন আমেরিকার পরাশক্তিরা। তবে দুই দলের সর্বশেষ দেখায় শেষ হাসি হেসেছে মরক্কোই। ২০২৩ সালের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে চমক দেখায় ‘আটলাস লায়নরা’।

সাম্প্রতিক সময়ে আফ্রিকান দেশ মরক্কোর ফুটবলে এক অভূতপূর্ব উত্থান ঘটেছে। মাঠে পারফরম্যান্সেও তারা দারুণ ধারাবাহিক। এর বড় প্রমাণ মিলছে ফিফা র‍্যাংকিংয়ে। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের ৬ নম্বরে থাকা ব্রাজিলের ঠিক পরের স্থানটি, অর্থাৎ ৭ নম্বর অবস্থানটি মরক্কোর। ফলে র‌্যাংকিংয়ের ছয় ও সাত নম্বরের এই দ্বৈরথ যে নিঃসন্দেহে ফুটবলপ্রেমীদের জন্য এক চরম উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

এসএইচ 

Link copied!