ছবি : সংগৃহীত
ঢাকা: আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
১৬টি দলকে নিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। টুর্নামেন্ট শুরু ২১ জানুয়ারি, ফাইনাল ৬ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তরুণ নারী ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরা এবং বিশ্বমঞ্চে শিরোপার জন্য লড়াই করার সুযোগ করে দেবে এই প্রতিযোগিতা।
এটি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কাঠমান্ডুর চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এবারের আসরে বাংলাদেশের মেয়েদের প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে, টানা দুই আসরের চ্যাম্পিয়ন ভারত ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।
চার গ্রুপে ১৬ দল
অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বের লড়াই শেষে যোগ্যতা অর্জনকারী দলগুলো খেলবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।
গ্রুপ বি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া।
গ্রুপ সি: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ ডি: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
পিএস