৯১ রানে অলআউট হয়ে যেসব রেকর্ড বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:১১ এএম
৯১ রানে অলআউট হয়ে যেসব রেকর্ড বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট যেন এক পা এগোলে দুই পা পিছিয়ে যায়। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ইতিহাস গড়ে ৪০০ রান করার এক সপ্তাহ না পেরোতেই আবারও ব্যর্থতার চূড়ায় পৌঁছাল নাজমুল হোসেন শান্তর দল। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। তাতেই বিব্রতকর একাধিক রেকর্ডে নাম উঠেছে টাইগারদের।

গত সপ্তাহে ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ৪০০ রান করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এশিয়ার প্রথম দল হিসেবে ওই মাঠে টেস্টের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিল তারা। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যাওয়ার পর এবার সেঞ্চুরিয়নে আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে দল।

দক্ষিণ আফ্রিকার পেসারদের বাড়তি গতি ও বাউন্সের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটের মাঝখানের চেয়ে বাইরের কানায় বলের আঘাতই বেশি দেখা গেছে। ফলে ওয়ান্ডারার্সের ঐতিহাসিক পারফরম্যান্সের পর যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, তা এক ইনিংসেই ধূলিসাৎ হয়ে গেছে।

বাংলাদেশের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ২৩ রান করেছেন মাহফুজুল ইসলাম রবিন। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৯ রান, আর মোমিনুল হক করেছেন ১৮ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সমান তিনটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। আনরিক নরকিয়া শিকার করেছেন দুটি উইকেট। এ ছাড়া উইয়ান মুল্ডার ও সিমন হারমার একটি করে উইকেট নিয়েছেন।

এই ব্যাটিং বিপর্যয়ে একসঙ্গে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে সর্বনিম্ন সংগ্রহ: ৯১ রান এখন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের করা ১০১ রান ছিল সর্বনিম্ন।

১০০ রানের নিচে ১৬ বার: টেস্ট ক্রিকেটে এ নিয়ে ১৬ বার ১০০ রানের আগেই অলআউট হলো বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড: প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থবারের মতো ১০০ রানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।

এখনো অক্ষত ৫৩ রানের রেকর্ড: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের রেকর্ডটি অবশ্য এখনো অক্ষত। ২০২২ সালে ডারবানে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা।ৎ

এক বছরে তিনবার শতরানের নিচে: নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে তিনবার ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকেতে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল দল। এর আগে ২০০৩, ২০০৭ ও ২০২২ সালে এক বছরে দুবার করে এমন বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এবার সেই লজ্জার রেকর্ডকেও ছাড়িয়ে গেল শান্তর দল।

এম

Link copied!