কাল ভোরে হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেভাবে লাইভ দেখবেন

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১২:১৫ পিএম
কাল ভোরে হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেভাবে লাইভ দেখবেন

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারতে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হচ্ছে হন্ডুরাসের। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। তবে ভৌগোলিক সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ম্যাচটি দেখতে পাবেন রেবিবার (৭ জুন) ভোর ৬টায়।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচের পর আগামী মঙ্গলবার (৯ জুন) আলাবামার অবার্নে আইসল্যান্ডের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা।

হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা অস্বস্তি বাড়িয়েছে চোট সমস্যা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অধিনায়ক লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লেয়ান্দ্রো পারেদেস এবং নির্ভরযোগ্য গোলরক্ষক দিবু মার্তিনেজের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর ইনজুরি থেকে ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য স্বস্তির খবর। মূল একাদশে দেখা যেতে পারে রদ্রিগো দে পল ও নিকো গনসালেসকে।

এর আগে বুয়েনস আয়ার্সে নিজেদের শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা, যেখানে জালের দেখা পেয়েছিলেন মেসিও। দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনাকে এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে। ফুটবল বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনা ৪-১ ব্যবধানে জয় পেতে পারে।

অন্যদিকে, কোস্টা রিকার সঙ্গে ড্র এবং গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে হন্ডুরাস। এমনকি আন্তঃমহাদেশীয় প্লে-অফেও জায়গা পায়নি তারা। তবে বিশ্বকাপের স্বপ্ন ভাঙলেও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শক্তিমত্তা ও সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে আছে দলটি। হন্ডুরাসের প্রধান ভরসা হিসেবে থাকছেন গোলরক্ষক এড্রিক মেনজিভার, মিডফিল্ডার কেরভিন আরিয়াগা এবং ফরোয়ার্ড লুইস পালমা। এছাড়া নজর থাকবে তরুণ উইঙ্গার ডেরেক মনকাদার ওপর।

ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন

বাংলাদেশ ও ভারতের কোনো টিভি চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের তথ্য না থাকলেও আন্তর্জাতিকভাবে খেলাটি উপভোগ করা যাবে সহজেই।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেল ইএসপিএন দেপোর্তেস (ESPN Deportes)। অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ইএসপিএন প্লাস প্ল্যাটফর্মে। এছাড়া বিভিন্ন থার্ডপার্টি স্পোর্টস অ্যাপ ও লাইভ ফুটবল স্ট্রিমিং সাইটেও খেলাটি উপভোগ করা যাবে।

এম

Link copied!