বাবার প্রতারণায় দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৪:৪১ পিএম
বাবার প্রতারণায় দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

ফাইল ছবি

ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে এক চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নিজের বাবার প্রতারণার শিকার হয়েছেন বার্সেলোনার এই তারকা ফুটবলার। বিপুল অর্থ আয়ের পরও তিনি এখন প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে আছেন।

ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের দাবি, রাফিনিয়ার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই তার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। সেই সুবাদে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় অংশই তিনি নিজের কাছে রেখে দেন। অথচ পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়াকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেন রাফিনিয়া। কিন্তু ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে তিনি দেখেন, সেখানে প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপরই আর্থিক লেনদেন খতিয়ে দেখে বছরের পর বছর ধরে চলে আসা এই প্রতারণার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় রাফিনিয়া এখন বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি। নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এসএইচ 

Link copied!