চার গোলের নাটকীয়তা, বুন্দেসলিগার শীর্ষে ডর্টমুন্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৯:৪১ এএম
চার গোলের নাটকীয়তা, বুন্দেসলিগার শীর্ষে ডর্টমুন্ড

জার্মান বুন্দেসলিগায় সিগনাল ইদুনা পার্কে রোমাঞ্চে ভরপুর এক লড়াইয়ে শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট হারাল বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের।

পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ওয়ার্ডার ব্রেমেন।
আক্রমণ ও প্রতি-আক্রমণে ভরপুর প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। ডর্টমুন্ডের একের পর এক ধারালো আক্রমণ রুখে দিয়ে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ব্রেমেনের গোলরক্ষক কার্ল হাইন।

দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের প্রায় শেষের পথ ধরলেও কারো ডেডলক ভাঙছিল না।

তবে খেলার শেষভাগে এসে তৈরি হয় গোলের উৎসব। ম্যাচের ৮০তম মিনিটে দারুণ এক গোল করে ডর্টমুন্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার দানিয়েল সভেনসন। স্বাগতিকদের উন্মাদনা কাটতে না কাটতেই ৮৫তম মিনিটে নিকো শ্লটারবেক জালের দেখা পেলে ২-০ ব্যবধানে জয়ের সুবাস পেতে শুরু করে ডর্টমুন্ড। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ওয়ার্ডার ব্রেমেন।

ম্যাচের ৮৮তম মিনিটে লুডোভিত রেইস ব্যবধান কমিয়ে ২-১ করলে জমে ওঠে লড়াই। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে ডর্টমুন্ড সমর্থকদের স্তব্ধ করে দেন তাদেরই সাবেক স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ। নিখুঁত হেডের সাহায্যে বল জালে জড়িয়ে নাটকীয়ভাবে ম্যাচ ২-২ সমতায় ফেরান তিনি।

এই ড্রয়ের পরও বুন্দেসলিগায় পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে প্রথম চার ম্যাচে টানা জয়ের পর এবারই প্রথম পয়েন্ট খোয়াল তারা।

ফলে এক ম্যাচ কম খেলা বায়ার্ন মিউনিখের সামনে এখন ডর্টমুন্ডকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হলো।

এম

Link copied!