দুই ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াডে বড় রদবদল, দলে বেশকিছু নতুন প্রতিভা

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:০৪ এএম
দুই ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াডে বড় রদবদল, দলে বেশকিছু নতুন প্রতিভা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বর্ণাঢ্য ও গৌরবময় অধ্যায়ের ইতি ঘটার পর মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। মেসি-উত্তর যুগের এই নতুন যাত্রার জন্য মঙ্গলবার ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। নতুন এই দলে অনেক পরিচিত মুখের পাশাপাশি দেখা মিলেছে বেশ কিছু নতুন ও তরুণ প্রতিভার।

নভেম্বরে বছরের শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টা রিকা।

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির অবহমান্য শূন্যতা পূরণে স্কালোনি এখন দল পুনর্গঠন প্রক্রিয়ায় জোর দিয়েছেন। এই স্কোয়াডের সবচেয়ে বড় আকর্ষণ ২১ বছর বয়সি সেন্টার-ব্যাক আরন আনসেলমিনো। বোকা জুনিয়র্স থেকে চেলসিতে পা রাখা এই তরুণ ডিফেন্ডার প্রথমবারের মতো জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন।

এ ছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোলিও। ২৩ বছর বয়সি ত্রোলিও দ্বিতীয়বার জাতীয় দলে ডাক পেলেন। এর আগে ২০২৫ সালের মে মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য তাকে দলে ডেকেছিলেন স্কালোনি; তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই সেন্টার-ব্যাক ।

আর ২৯ বছর বয়সি রাইট-ব্যাক মন্তিয়েল গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর এই প্রথম দলে জায়গা পেলেন। তবে স্কোয়াডের বাইরে আছেন রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো এবং নিকো গঞ্জালেসের মতো নিয়মিত মুখেরা। ইনজুরির কারণে দলে নেই নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো ও লাওতারো মার্তিনেজও। 

তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চোটের কারণে অনিশ্চিত থাকলেও কোচ তাকে দলে রেখেছেন। গত মাসে চোয়ালের ভয়াবহ চোটের কারণে অস্ত্রোপচারের পর ক্লাব চেলসির হয়ে এখনও মাঠে নামার সুযোগ পাননি এই গোলরক্ষক। তাকে না পাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই হয়তো স্কালোনি আরও তিন জন গোলরক্ষককে দলে ডেকেছেন।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (চেলসি), হেরেনিমো রুলি (ম্যানচেস্টার সিটি), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট)।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), অগাস্টিন জিয়াই (পালমেইরাস), অ্যারন আনসেলমিনো (চেলসি), মারিয়ানো ত্রোইলো (পার্মা), লিওনার্দো বালের্দি (রোমা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো মেদিনা (বায়ার লেভারকুসেন), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), রোমান ভেগা (জেনিত)।

মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), মাক্সিমো পেরোনে (কোমো ), এজেকিয়েল পালাসিওস (ইপসউইচ টাউন), ভালেন্তিন বার্কো (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো)।

ফরোয়ার্ড: মাতিয়াস সুলে (রোমা), ফ্রাঙ্কো মাস্তানতুওনো (ফিওরেন্তিনা), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), থিয়াগো আলমাদা (রিভারপ্লেট), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), সান্তিয়াগো কাস্ত্রো (রোমা), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ)।

এম

Link copied!