ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতারা।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা, বাঙ্গাখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ বিভিন্ন স্তরের দেড় শতাধিক নেতাকর্মী।
জামায়াত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট মাহির হাছানসহ অন্যরা। এ সময় নবাগতদের শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জামায়াতে যোগদানকারী কয়েকজন নেতা বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাঁদের মতে, ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা এই দলে যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :