চায়ের দোকানই ভোট বিশ্লেষণকেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

  • আকিমুল ইসলাম, চুয়াডাঙ্গা | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৩৩ পিএম
চায়ের দোকানই ভোট বিশ্লেষণকেন্দ্র, নির্বাচনী আমেজ অলি-গলিতে

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাউন্টডাউন শুরু হয়েছে। মাত্র ৭ দিন বাকি থাকতেই চুয়াডাঙ্গা জেলা জুড়ে উৎসবমুখর ভোটের দৃশ্য দেখা যাচ্ছে। ভোটাররা ঘরে ঘরে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, মিছিল-মিটিং হচ্ছে, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনপ্রিয়তা, ভূমিকা ও বিজয়ী সম্ভাবনা নিয়ে চলছে বিশ্লেষণ।

জেলা-উপজেলায় চায়ের দোকানগুলো এখন ‘পলিটিক্যাল ডেস্কে’ পরিণত হয়েছে। শীতের দিনে চুমুক চুমুক চায়ের সঙ্গে চলছে রাজনৈতিক আলোচনা। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারের এক চায়ের দোকানি জানান, আগে দিনে যেখানে ২ কেটলি চা বিক্রি হতো, এখন সেখানে ১০ কেটলি বিক্রি হচ্ছে। কার্পাসডাঙ্গা বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, “পুরো দেশেই ভোট আর রাজনৈতিক আলোচনা চলছে। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”

দর্শনা বাজারের চা দোকানি বলেন, “নির্বাচনী ভিড় সামলাতে ৪টি নতুন কেটলি ও ১০০ পিস নতুন কাপ কিনেছি।” ওবায়দুর রহমান নামের এক যুবক বলেন, “ভোটের মাঠে এবার খেলা জমবে। আগের মতো কেউ ফাঁকা মাঠে গোল দিতে পারবে না। লড়াই হবে সেয়ানে-সেয়ানে। আমরা সৎ ও আদর্শবান প্রার্থীকে নির্বাচিত করতে চাই।”

চুয়াডাঙ্গা-২ আসনে মোট ১৭৪টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ৭১৭ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৭৩৬ জন এবং হিজড়া ভোটার ৪ জন।

নির্বাচন বাংলাদেশের জন্য গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। চুয়াডাঙ্গা জেলা জুড়ে গ্রামগঞ্জ থেকে হাটবাজার, চায়ের দোকান ও সড়ক মোড় পর্যন্ত ভোটের উত্তেজনা ও নির্বাচনী উৎসবের ঢেউ ছড়িয়ে পড়েছে।

এসএইচ 

Link copied!