রাজশাহীতে ডেন্টাল কলেজ চালু ও সুগার মিলের লোকসান রোধের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৪ পিএম
রাজশাহীতে ডেন্টাল কলেজ চালু ও সুগার মিলের লোকসান রোধের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে ডেন্টাল কলেজ চালু ও সুগার মিলের চুরি–চামারি বন্ধ করে লোকসান রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “রাজশাহী সুগার মিল লোকসানির ঘানি টানছে। চুরি-চামারির কারণে লোকসানি হচ্ছে। জনগণের রায়ের প্রতিফলন ঘটলে সুগার মিল লাভবান হবে। বাংলাদেশ নতুন পথ পাবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ঘুমিয়ে পড়েছে। আমাদের পরিকল্পনা, উদ্যোগ ও সেবা দিয়ে এটিকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করা হবে। রাজশাহীর গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে এবং দেশের সম্পদ দেশের মানুষের জন্য আহরণে সর্বাত্মক চেষ্টা করা হবে।”

জনসভায় ডা. শফিকুর রহমান রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। সকাল–দুপুর রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আরেকটি জনসভায় অংশ নেন জামায়াত আমির।

রাজশাহীর বিভিন্ন স্থান থেকে হাজারো নারী ও পুরুষ কর্মী এই নির্বাচনী জনসভায় অংশ নেন এবং দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
 

এসএইচ 

Link copied!