ছবি: প্রতিনিধি
মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-1 আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সংস্কৃতি খাতের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি মো. মনোয়ার হোসেন বলেন, জনসেবামূলক কার্যক্রমে আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধি করতে হবে। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিত করা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জেলার সার্বিক পরিস্থিতির একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারী দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং জেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে জেলার উন্নয়ন ত্বরান্বিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখার বিষয়ে সর্বসম্মত মত প্রকাশ করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :