ছবি: প্রতিনিধি
হকার পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহর। চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিটি কর্পোরেশনের নগর ভবন পর্যন্ত মিছিল করেন হকাররা।
রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে শহরের বিভিন্ন এলাকার হকাররা বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল বের করে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা।
হকারদের অভিযোগ, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই মহানগরের ফুটপাত থেকে তাদের উচ্ছেদে অভিযান চালায়। এতে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েন হাজারো হকার। ফলে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, উচ্ছেদের বিরুদ্ধে না থাকলেও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করা মানুষ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
বিক্ষোভকারীরা পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখা, নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা, উচ্ছেদকৃতদের তালিকা প্রস্তুত করা, পুনর্বাসনের আগ পর্যন্ত বিকেল ৫টার পর ফুটপাতে বসার সুযোগ দেওয়া এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
পরে মিছিল শেষে হকারদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশে হকার ঐক্য পরিষদের সমন্বয়ক আবদুল সালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের সভাপতি কেএম মিজানুর রহমান রনি ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :