ঝালকাঠিতে অসচ্ছল এক পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন লাভ শেয়ার বিডি। সংগঠনটির তহবিল থেকে এক লাখ টাকার পণ্য সহায়তা পেয়েছেন মুদি দোকানি মো. রাশেদ হাওলাদার (৩৮)।
সোমবার (২০ এপ্রিল) তাকে এ সহায়তা দেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।
তিন কন্যা ও স্ত্রীসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন রাশেদ। জীবিকার তাগিদে আগে তিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। বাবার মৃত্যুর পর পারিবারিক ছোট একটি মুদি দোকানের দায়িত্ব নিতে বাধ্য হন।
রাশেদ বলেন, বাবার জীবদ্দশায় দোকানে তেমন পণ্য ছিল না। তার মৃত্যুর পর তিনি দোকানটি চালানোর চেষ্টা করছেন। নতুন এই সহায়তায় আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
ডা. জিয়াউদ্দিন হায়দার জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থানকালে কয়েকজন প্রবাসী বন্ধু মিলে ‘লাভ শেয়ার বিডি’ প্রতিষ্ঠা করেন। বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য।
তিনি বলেন, অতীতে নির্যাতনের শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সমাজের অন্যান্য অসহায় মানুষেরও সহযোগিতা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
রাশেদ হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। বটতলা এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে।
আপনার মতামত লিখুন :