বরিশালে ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:৩৮ পিএম
বরিশালে ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বরিশাল মহানগরীর আগরপুর রোড এলাকায় এক ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের খোদেজা মেনশন ভবনের নিচতলার ডান পাশের একটি ফ্ল্যাট থেকে মো. ইসমাইল খান (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘূনী এলাকার বাসিন্দা এবং বরিশাল জজ কোর্টের আইনজীবী সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মুহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাঁর বড় ভাই মো. ইলিয়াস খান দুপুর সাড়ে ১১টার দিকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ফ্ল্যাটটির দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ। সন্দেহ হলে জানালার একটি অংশ ভেঙে ভেতরে তাকিয়ে তিনি তাঁর ভাইকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি কোতোয়ালি মডেল থানা-য় জানানো হলে পুলিশ ও সিআইডির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাঁকে একটি শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সিআইডি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এসএইচ 
 

Link copied!