সৌদিতে ২১ দিন ধরে নিখোঁজ জামালপুরের যুবক, দিশেহারা পরিবার

  • জামালপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২৬, ০২:৫৮ পিএম
সৌদিতে ২১ দিন ধরে নিখোঁজ জামালপুরের যুবক, দিশেহারা পরিবার

ছবি: প্রতিনিধি

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১) নামের এক যুবক। গত ১৬ এপ্রিলের পর থেকে তাঁর আর কোনো সন্ধান না মেলায় চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।

নিখোঁজ রুবেল মন্ডল মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান রুবেল। সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন তিনি। প্রবাসে যাওয়ার পর থেকে নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং উপার্জিত অর্থও পাঠাতে শুরু করেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৬ এপ্রিল বিকেল চারটার দিকে সর্বশেষ মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন রুবেল। এরপর থেকেই তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকি তাঁর ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে রুবেলের মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, অনেক শখ করে ছোট ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। ২১ দিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে তিনি পাগলপ্রায়। তিনি তাঁর ছেলেকে ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করেন।

রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। তাঁর হঠাৎ এভাবে নিখোঁজ হওয়া তাঁরা মেনে নিতে পারছেন না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে তিনি জেনেছেন। ভুক্তভোগী পরিবারকে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

এসএইচ 

Link copied!