মোশাররফের জানাজা শেষে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ১৯

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:২১ পিএম
মোশাররফের জানাজা শেষে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ১৯

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে দাবি পুলিশের।

খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশের ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয়েছে।

সিএমপি আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পিএস

Link copied!