ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়া ও হয়রানির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালক ও সাধারণ মানুষ। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দামুড়হুদা সড়কের ফকিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইজিবাইক থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া হচ্ছিল। চালকদের অভিযোগ, কথিত ‘আইডি কার্ডধারী’ একটি চক্র সড়কে চলাচলরত ইজিবাইক আটকে যাত্রীদের অন্য যানবাহনে উঠতে বাধ্য করছিল। একটি রাজনৈতিক দলের প্রভাব ও নাম ভাঙিয়ে চক্রটি এ অপকর্ম চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
মাঝপথে ইজিবাইক থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, প্রবীণ ও অসুস্থ রোগীদের তীব্র দুর্ভোগ পোহাতে হয়।
ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ চালক ও ভুক্তভোগীরা একজোটে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধের খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী ও চালকেরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে সড়কে হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন তারা।
এসএইচ