ছবি: প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ ঘরের বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে ঝুলন্ত অবস্থায় চাম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অন্তত চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।
নিহত চাম্পা খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দুপুরে চাম্পা খাতুনের বসতবাড়ির আশপাশে প্রচণ্ড দুর্গন্ধ পান প্রতিবেশীরা। সন্দেহ হলে তারা গিয়ে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে চাম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের লাশ দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
এসএইচ