ছবি: প্রতিনিধি
ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য আশিকুর রহমানকে (জাপান) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার দুপুরে ডিসি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামের গোলাম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশিকুর রহমান একটি হত্যা মামলার আসামি। ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্যের জন্য তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার দুপুরে ডিসি কার্যালয়ের সামনে তিনি অবস্থান করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তা মুরাদ হোসেন জানান, আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি ঠিক কোন হত্যা মামলার আসামি, সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এসএইচ