শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:০৯ পিএম
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় নারকেল গাছের ডালপালা ছাঁটাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন জায়েদ আলী মাদবরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদনগর এলাকার বাসিন্দা রইছ উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ জাজিরায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জায়েদ আলী মাদবরের কান্দি এলাকার বাসিন্দা মান্নান মাদবরের বাড়িতে নারকেল গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করতে গাছে ওঠেন আরিফ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে গাছের ওপরই ঝুলে থাকেন আরিফ। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “নারকেল গাছে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।”

পিএস

Link copied!