জ্যেষ্ঠদের সম্মানে আসন ছেড়ে এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৬:৫৫ পিএম
জ্যেষ্ঠদের সম্মানে আসন ছেড়ে এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস

ছবি: প্রতিনিধি

মানুষকে সম্মান করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকেও সম্মান পাওয়া যায়—এই বিশ্বাস ও সৌজন্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পাবনায় চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জন্য নির্ধারিত মূল আসন ছেড়ে জ্যেষ্ঠ ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চের এক পাশে গিয়ে বসেন তিনি।

বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে প্রবীণ শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঞ্চে প্রবীণ শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা ও ব্যবসায়ী রানা বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্যে কয়েকজন বয়স ও অভিজ্ঞতায় সংসদ সদস্য শিমুল বিশ্বাসের চেয়ে প্রবীণ এবং সরাসরি তাঁর শিক্ষক হিসেবে পরিচিত। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তিনি প্রধান অতিথির জন্য নির্ধারিত আসন ছেড়ে মঞ্চের এক পাশে সাধারণ আসনে গিয়ে বসেন। তবে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ নিজেদের নির্ধারিত আসনেই অবস্থান করেন।

সংসদ সদস্যের এমন বিনয়ী আচরণ অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের নজর কাড়ে। উপস্থিত সবাই তাঁর এই মানবিক ও সৌজন্যমূলক আচরণের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেন, ক্ষমতার চেয়ে জ্ঞান, বয়স, অভিজ্ঞতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানোর এই সংস্কৃতি সমাজে আরও বেশি চর্চা হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আগত অতিথিরা আলোচনা করেন, পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও সামাজিক শিষ্টাচার একটি মানবিক সমাজের অন্যতম ভিত্তি। পদ-পদবির ঊর্ধ্বে উঠে জ্যেষ্ঠ ও গুণীজনদের সম্মান জানানোর সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের আচরণ উপস্থিত সবার কাছে জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রইল।

এসএইচ 

Link copied!