ছবি: প্রতিনিধি
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে লিখিত বা মেধা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সরকারি স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন।
বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ‘সচেতন অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে ভর্তি পরীক্ষার পক্ষে এক মায়ের আবেদন শিরোনামে প্রধান উপদেষ্টা বরাবর একটি খোলা চিঠি প্রকাশ করা হয়।
সমাবেশে নিশি খাতুন, সাদিয়া সুলতানা ও রাকিব হাসান নামের কয়েকজন শিক্ষার্থী বলে, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতির যথাযথ মূল্যায়ন হয় না। এর ফলে যোগ্য ও মেধাবী অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
অভিভাবক মনিরুল ইসলাম ও রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালু করা প্রয়োজন। মেধা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা হলে একটি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ভর্তি ব্যবস্থা গড়ে উঠবে।
সমাবেশে অন্য বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ে লটারি পদ্ধতির পরিবর্তে পরীক্ষাভিত্তিক ভর্তি চালু হলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে। সমাবেশ থেকে দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষাভিত্তিক ভর্তি কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসএইচ