শাপলা চত্বরের ঘটনায় ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম
শাপলা চত্বরের ঘটনায় ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

ঢাকা: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ওই ঘটনায় শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি দিয়ে আলোচনায় আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবি তুলে ওই কর্মসূচি পালন করা হয়। 

২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের ওই কর্মসূচিকে কেন্দ্র করে। রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির অভিযানে এলাকা খালি করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে সেই অভিযানে ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষ পর্যায়ে থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। 
 
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।

পিএস

Link copied!