সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫০ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান

ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। এর আগে তিনি  ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা নতুন এমডির বিষয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। ফলে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত ব্যাংকটি প্রথম এমডি পেল। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যাংক খাতের ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ইউসিবি ব্যাংকে ২০২৪ সালের অক্টোবরে যোগদান করেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এইচবিএল বাংলাদেশে যোগদানের আগে তিনি ২০১৮ সালে তিনি ইউসিবির ডিএমডি হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের দায়িত্বে ছিলেন।

ইউসিবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংকে ডিএমডি ও চিফ রিস্ক অফিসার পদে দায়িত্বরত ছিলেন। তিনি কর্পোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে বিশেষভাবে অভিজ্ঞতালব্ধ। তিনি বৃহৎ ও সমন্বিত প্রজেক্ট ফিন্যান্স এবং স্ট্রাকচার্ড ফিন্যান্সেও অভিজ্ঞ। এ ছাড়া তিনি কালেকশন ও ইমপেয়ার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি ও ইসলামি ব্যাংকিং প্রভৃতি ক্ষেত্রেও দক্ষতাসম্পন্ন।

নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্স মেজর নিয়ে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি হংকংয়ে পেশাগত জীবন শুরু করেন।

এএইচ/পিএস

Link copied!