ভুয়া সার্কুলারের বিষয়ে সতর্ক করল আইডিআরএ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:০২ পিএম
ভুয়া সার্কুলারের বিষয়ে সতর্ক করল আইডিআরএ

ছবি : প্রতিনিধি

ঢাকা: মোটর বীমা ও কোম্পানির পেইডআপ ক্যাপিটাল সংক্রান্ত দুটি সার্কুলারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নাম ও লোগো ব্যবহার করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব নথি তাদের পক্ষ থেকে জারি করা হয়নি বলে জানিয়েছে আইডিআরএ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আইডিআরএ’র জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইডিআরএ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইডিআরএ’র নামে দুটি সার্কুলার প্রচার করা হয়। এর মধ্যে একটি নথিতে দেশে কার্যরত বীমা কোম্পানিগুলোর পেইডআপ ক্যাপিটাল ৩০০ কোটি টাকা করার নির্দেশ দেয়ার তথ্য উল্লেখ করা হয়। অপর নথিতে মোটর বীমার প্রথম পক্ষের কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্স কভারেজের প্রিমিয়াম হার নির্ধারণের তথ্য দেয়া হয়।

আইডিআরএ জানিয়েছে, এসব নথিতে তাদের নাম ও লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আইডিআরএ জনসাধারণ, বীমা গ্রাহক, বীমা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের এ ধরনের ভুয়া নথি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কোনো সার্কুলার, নির্দেশনা বা গণবিজ্ঞপ্তির সত্যতা যাচাইয়ের জন্য আইডিআরএ’র সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত যোগাযোগ মাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের কোনো তথ্য বা সার্কুলার প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করার অনুরোধ জানিয়েছে আইডিআরএ।

আইডিআরএ জানিয়েছে, তাদের প্রকৃত সার্কুলার ও নির্দেশনা শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। তাই কোনো সন্দেহজনক নথি যাচাই ছাড়া গ্রহণ বা প্রচার না করার পরামর্শ দেয়া হয়েছে।

এএইচ/পিএস

Link copied!