ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চেনা নামকে ঘিরে হঠাৎ তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি মুছে ফেলার কাজ শুরু হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে হলের প্রধান ফটক থেকে এই নামফলক সরানোর কার্যক্রম শুরু হয়।
ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন ছড়ালেও প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক আবদুস সালাম জানিয়েছেন, অনেক দিন আগে সিনেটের বৈঠকে হলের নামকরণ নিয়ে কেবল আলোচনা হয়েছিল, তবে সে সময় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিষয়টি দেখার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে। আজকের এ ঘটনা তার জানা নেই বলেও জানান তিনি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে গুলিতে ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী হলের মূল গেটে স্ব উদ্যোগে নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’ সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন। দীর্ঘ দিন সেই নামেই পরিচিত ছিল হলটি। কিন্তু হঠাৎ করে দুপুরের দিকে সেই নামফলক মুছে ফেলার কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক এই নাম পরিবর্তন নিয়ে প্রশাসন কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।
এসএইচ