হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি ৭০০ ছাড়াল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:১৪ পিএম
হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি ৭০০ ছাড়াল

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কারও মৃত্যু হয়নি। নতুন এই মৃত্যু নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ জন। আর হামের উপসর্গ নিয়ে অর্থাৎ সন্দেহভাজন হিসেবে মারা গেছে ৬০৯ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪৯ জনে।

একই সময়ে নতুন করে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জনে।

এসএইচ 

Link copied!