বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:১৬ এএম
বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। ইরানও ইসরায়েলসহ আশেপাশের দেশগুলোতে মার্কিন ঘাটিতে পাল্টা হামলা করে। উভয় পক্ষের এই হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। তেলের এই দাম অব্যাহতভাবে বাড়ছেই। খবর বিবিসির।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় এক দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক ‌‘কাতার এনার্জি’ তাদের স্থাপনাগুলোতে ‘সামরিক হামলার’ পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে গেছে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটি পুড়িয়ে দেওয়া হবে।

আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার (২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালিটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

পিএস

Link copied!