ফাইল ছবি
ঢাকা: রাজধানীর বিভিন্ন সড়কে অভিনন্দন সংবলিত টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান রুমন জানান, আজ সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন এবং সেটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন, যা সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো কোম্পানি বা ব্যক্তি যেন বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে তার ছবি ব্যবহার না করেন। এর আগেও কয়েক দিন আগে বিজয় সরণি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে তিনি তৎক্ষণাৎ তা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।
সরকারি কাজের প্রচারের চেয়ে ব্যক্তিগত স্তুতির দিকে বেশি মনোযোগ দেওয়াকে তিনি নিরুৎসাহিত করছেন। উল্লেখ্য যে, আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কাজ শুরু করেন, যেখানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পিএস
আপনার মতামত লিখুন :