শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৩৮ ফ্লাইট বাতিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:৫৯ পিএম
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৩৮ ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ রয়েছে। মঙ্গলবারও (৩ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী ফ্লাইট।

ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে যাত্রীরা।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি ও সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এনিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো।

পিএস

Link copied!